বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১০ জুন ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
শেয়ার

সালমান শাহর মৃত্যুরহস্য তদন্তে মরদেহ উত্তোলনের অনুমতি


salman-shah

ফাইল ছবি

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, পুনরায় ময়নাতদন্ত এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যুর পর সালমান শাহকে সিলেটে দাফন করা হয়েছিল। তবে প্রায় ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন করে নতুন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ময়নাতদন্ত করা জরুরি বলে তদন্তকারী সংস্থা মনে করছে।

দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যুকে ঘিরে নানা বিতর্ক ও প্রশ্ন রয়েছে। গত বছরের অক্টোবরে তাঁর মা নীলা চৌধুরীর পক্ষে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, মরদেহ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্তের মাধ্যমে বহুল আলোচিত এই মৃত্যুরহস্য সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে।