সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ জুন ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
শেয়ার

দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ: সড়কমন্ত্রী


Motorcycle

ফাইল ছবি

দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানানো হয়েছে।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সংসদ সদস্যের প্রশ্ন ছিল, বর্তমানে দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা কত এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বৈধ করার কোনো উদ্যোগ রয়েছে কি না।

জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল শনাক্ত ও নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব মোটরসাইকেল এখনো বিআরটিএ থেকে নিবন্ধন নেয়নি, সেসব যানবাহনের মালিকরা প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে বিআরটিএ সেগুলো যাচাই-বাছাই করে নিবন্ধন নম্বর প্রদানের মাধ্যমে বৈধতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।