বৃহস্পতিবার । জুন ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৭ জুন ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
শেয়ার

অতিরিক্ত কাজের চাপে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জেনিফার লোপেজ


Jennifer-lopez

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ তার সাফল্যের পেছনের কঠিন বাস্তবতার কথা তুলে ধরে জানিয়েছেন, একসময় টানা ৯৮ দিন কোনো বিরতি ছাড়াই কাজ করার কারণে গুরুতর শারীরিক ও মানসিক সমস্যায় পড়েছিলেন তিনি।

৫৬ বছর বয়সী এই তারকা জানান, ‘এনাফ’ ছবির শুটিং চলাকালে তিনি একই সঙ্গে চারটি চলচ্চিত্র এবং তার ‘জেএলও’ অ্যালবামের কাজ করছিলেন। দিনের বেলায় দীর্ঘ সময় শুটিংয়ের পর রাতভর স্টুডিওতে গান রেকর্ড করতেন। এমনকি সপ্তাহান্তেও চলত মিউজিক ভিডিও নির্মাণের কাজ।

অবশেষে টানা ৯৮ দিন কাজের পর শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন জেনিফার। তিনি বুকে অস্বস্তি, ঝাপসা দৃষ্টি এবং শরীর অবশ হয়ে যাওয়ার মতো উপসর্গ অনুভব করেন। পরিস্থিতি গুরুতর হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত কর্মচাপ ও মানসিক ক্লান্তিই তার শারীরিক অবস্থার অবনতির প্রধান কারণ ছিল।

একটি পডকাস্টে জেনিফার আরও জানান, ‘সেলেনা’ চলচ্চিত্রে অভিনয়ের পর তার জনপ্রিয়তা দ্রুত বেড়ে যায়। সেই সময় থেকেই তিনি উদ্বেগ ও প্যানিক অ্যাটাকের মতো মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করেন। ভক্তদের অতিরিক্ত ভিড় ও গণমাধ্যমের অবিরাম নজরদারিও তাকে অস্বস্তিতে ফেলত।

এই অভিজ্ঞতার পর থেকেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার চেষ্টা করেন জেনিফার লোপেজ। জনসমাগম ও পাপারাজ্জিদের এড়িয়ে এখন তিনি অনেকটাই ব্যক্তিগত পরিসরে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।