
দীর্ঘদিন পর ভারতীয় মূলধারার সিনেমায় ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বারানসি’-তে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করছেন তিনি। ছবিটি নিয়ে বেশ আশাবাদী জানিয়ে প্রিয়াঙ্কা বলেছেন, এটি শুধু ভারতের নয়, বিশ্বব্যাপী দর্শকদের জন্য নির্মিত একটি উচ্চাভিলাষী প্রকল্প, যার জন্য গত তিন বছর ধরে কাজ চলছে।
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ‘বারানসি’র শুটিং সেটে ইতিবাচক ও পারিবারিক পরিবেশ বজায় থাকে। শিল্পীদের পরিবারও অনেক সময় উপস্থিত থাকেন, নিয়মিত মহড়া ও আন্তরিক পরিবেশে কাজ চলছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ছবিতে অভিনয়ের জন্য প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।
এদিকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, খুব শিগগিরই হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি নতুন প্রকল্পে কাজ করবেন। যদিও সেটি চলচ্চিত্র, বিজ্ঞাপন নাকি অন্য কোনো উদ্যোগ—সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
পাশাপাশি ক্যারিয়ারের পরিবর্তনের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, এখন তিনি নিজের পছন্দের প্রকল্প বেছে নেওয়ার পাশাপাশি নিজেই নতুন কাজ তৈরি করার স্বাধীনতা অর্জন করেছেন। এছাড়া পরিচালক মীরা নায়ারের বায়োপিকধর্মী প্রকল্প ‘আমরি’-তেও যুক্ত রয়েছেন প্রিয়াঙ্কা।








































