রাজশাহীর মাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে বোমা বিস্ফোরণ একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে নিহতের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- ওই এলাকার ময়েজ তালুকদার, সাহেব আলী ও নয়ন উদ্দিন। আহতদের স্থানীয় হাসপাতাল এবং ক্লিনিকে নেয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও মুসল্লিরা জানান, দুপুরে জুমার নামাজ চলাকালে নিহত যুবক তার শরীরে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জুমার নামাজের প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতে ইমাম সুরা ফাতেহা পাঠ করাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরীও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।





































