রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১১ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ


sirajganj-news

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডে তার নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক শরীফুল ইসলাম ইন্নার বাড়ির সামনে এসে পরপর দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন ধরে গেলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও পুরো পরিবার চরম আতঙ্কের মধ্যে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত বা দগ্ধ হয়নি।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না বলেন, “দীর্ঘদিন ধরে ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়ার মধ্যে মারামারি চলে আসছে। গতকাল থানায় বসে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। আমার বাসা দুই এলাকার মাঝামাঝি বা বর্ডার এলাকায়। ওদের মূল লক্ষ্য ছিল আমার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “আজ রাতে কয়েকজন এসে আমার বাড়িতে দুইটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে। একই সঙ্গে সামনের আরও দুইটি বাড়িতেও পেট্রল বোমা ছোড়া হয়েছে। তারা দুইটি মোটরসাইকেলে করে ছয়জন ছিল।”

শরীফুল ইসলাম ইন্না বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।