মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৯ জানুয়ারি ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
শেয়ার

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, ট্র্যাক ছেড়ে এবার ক্রিকেট মাঠে উসাইন বোল্ট


Bolt

ক্রীড়াজগতের জীবন্ত কিংবদন্তি উসাইন বোল্ট আবারও অলিম্পিকে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এবার আর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়াতে নয় বরং গতির ঝড় তুলতে চান ক্রিকেট পিচে।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে (LA28) দীর্ঘ ১২৮ বছর পর ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটছে আর এই ঐতিহাসিক মুহূর্তেই ব্যাট-বল হাতে জ্যামাইকার প্রতিনিধিত্ব করতে আগ্রহী এই স্প্রিন্টিং কিংবদন্তি।

বাস্তবে ক্রিকেটই ছিল বোল্টের প্রথম ভালোবাসা। স্প্রিন্টার হিসেবে বিশ্বখ্যাত হওয়ার আগে তিনি হতে চেয়েছিলেন একজন ফাস্ট বোলার। সম্প্রতি ‘এস্কোয়ার’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্ট মজার ছলে জানান, জ্যামাইকা ক্রিকেট কর্তৃপক্ষ যদি তাকে ডাকে, তবে তিনি মাঠে নামতে প্রস্তুত।

অ্যাথলেটিক্স থেকে ২০১৭ সালে অবসর নিলেও ক্রিকেটের প্রতি তার টান সবসময়ই ছিল অমলিন। ২০১৪ সালে ভারতে এক প্রীতি ম্যাচে যুবরাজ সিংদের সাথে তার ক্রিকেট নৈপুণ্য এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা -সবই ক্রিকেটের সাথে তার গভীর মৈত্রীর প্রমাণ দেয়।

২০০৮ বেইজিং থেকে ২০১৬ রিও অলিম্পিক পর্যন্ত টানা তিনটি গেমসে ১০০ ও ২০০ মিটারে ডাবল গোল্ড জিতে ইতিহাস গড়েছেন বোল্ট। ১০০ মিটারে তার ৯.৫৮ সেকেন্ড এবং ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ডের বিশ্বরেকর্ড আজও অক্ষত।

২০২৮ অলিম্পিকে পুরুষ ও নারী বিভাগে ৬টি করে দেশ অংশ নেওয়ার সুযোগ পাবে। ক্রিকেটের এই রাজকীয় প্রত্যাবর্তনে বোল্টের মতো মহাতারকার অংশগ্রহণ ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনার সৃষ্টি করেছে। ১২ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলা এই আসরে বোল্টকে নীল জার্সিতে দেখা যাবে কি না, তা এখন সময়ের অপেক্ষা।