মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২২ জানুয়ারি ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
শেয়ার

চ্যাম্পিয়নস লিগ

লোপেজের জোড়া গোলে বার্সার বড় জয়


lopez

সংগৃহীত ছবি

ফের্মিন লোপেজের দুর্দান্ত জোড়া গোলে স্লাভিয়া প্রাগকে ৪–২ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনাও আরও জোরালো হলো কাতালানদের।

মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। ম্যাচের ১০ম মিনিটে কর্নার থেকে টমাস হোলেসের ফ্লিক করা বল কাছ থেকে জালে পাঠিয়ে স্বাগতিক স্লাভিয়া প্রাগকে এগিয়ে দেন ভাসিল কুসেই।

তবে ৩৪তম মিনিটে শক্তিশালী শটে সমতা ফেরান তরুণ মিডফিল্ডার ফের্মিন লোপেজ। আট মিনিট পরই নিখুঁত কার্লিং শটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে কর্নার থেকে আসা বল রবার্ট লেভানদোস্কির কাঁধে লেগে জালে ঢুকে গেলে অপ্রত্যাশিতভাবে আবার সমতায় ফেরে স্লাভিয়া প্রাগ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে লামিন ইয়ামালকে না পেলেও কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা আক্রমণে ধারাবাহিক চাপ তৈরি করতে থাকে।

ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর বদলি হিসেবে মাঠে নামেন দানি ওলমো ও ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যেই ১৮ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ওলমো। পরে রাশফোর্ডের বাড়ানো বল থেকে লেভানদোস্কি গোল করলে জয় নিশ্চিত হয় কাতালানদের।

এই হারে সাত ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় স্লাভিয়া প্রাগ। অন্যদিকে পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনা উঠে এসেছে লিগ টেবিলের নবম স্থানে।

শেষ আটে সরাসরি জায়গা পেতে হলে আগামী বুধবার কোপেনহেগেনের বিপক্ষে ঘরের মাঠে জয় পাওয়ার পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফল নিজেদের পক্ষে যাওয়ার আশা করতে হবে বার্সেলোনাকে। না হলে ফেব্রুয়ারিতে দুই লেগের প্লে-অফ খেলতে হবে তাদের।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। পাশাপাশি লা লিগায় শীর্ষে থাকা এবং কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পৌঁছে এখনো ‘কোয়াড্রুপল’ জয়ের স্বপ্ন ধরে রেখেছে কাতালান ক্লাবটি।