বুধবার । মার্চ ৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১ মার্চ ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

জিতেও বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, সেমিতে নিউজিল্যান্ড


newzealand-pakistan

ছবি: সংগৃহীত

সেমিফাইনালের টিকিট পেতে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ৬৫ রানের ব্যবধানে জয়ের কঠিন সমীকরণ ছিল পাকিস্তানের সামনে। সেই লক্ষ্যেই উড়ন্ত সূচনা করেছিলেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১৭৭ রানের উদ্বোধনী জুটি গড়ে ২১২ রানের পাহাড় দাঁড় করালেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই ব্যবধান আর পাওয়া হয়নি পাকিস্তানের। মাত্র ৫ রানের রোমাঞ্চকর জয়ে মাঠ ছাড়লেও রান রেটের মারপ্যাঁচে বিদায় নিতে হয়েছে বাবর-রিজওয়ানদের; আর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২১২ রান তোলে পাকিস্তান। ওপেনিং জুটিতেই আসে ১৭৭ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। ফখর ৪২ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। ফারহান ৫৯ বলে করেন ১০০, এক আসরে দুটি শতক হাঁকানো প্রথম ব্যাটার হিসেবে গড়েন অনন্য রেকর্ড। তবে শেষ ৩৪ রানে ৮ উইকেট হারিয়ে বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া করে পাকিস্তান।

২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা দ্রুত বিদায় নেন। আবরার আহমেদ ও নাসিম শাহের আঘাতে ১০১ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা। তবে হাল ধরেন অধিনায়ক দাসুন শানাকা ও পাভান রত্নায়েক। তাদের ৬১ রানের জুটিতে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা।

রত্নায়েক ৩৭ বলে ৫৮ রান করে আউট হলেও শানাকা একাই লড়াই চালিয়ে যান। ৮ ছক্কা ও ২ চারে ৩১ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৪৬ রান—রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ২০৭ রানে থামে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে আবরার আহমেদ নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ নওয়াজ।

তবে জয় সত্ত্বেও লাভ হয়নি পাকিস্তানের। প্রয়োজনীয় বড় ব্যবধানে জিততে না পারায় নেট রান রেটে পিছিয়ে পড়ে তারা। ফলে সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড, আর বিশ্বকাপ মঞ্চ থেকে কষ্টের বিদায় নিতে হয় পাকিস্তানকে।

সংক্ষিপ্ত স্কোর

  • পাকিস্তান: ২১২/৮ (২০ ওভার); ফারহান ১০০, ফখর ৮৪। মাদুশাঙ্কা ৩/৩৭।

  • শ্রীলঙ্কা: ২০৭/৬ (২০ ওভার); শানাকা ৭৬*, রত্নায়েক ৫৮। আবরার ৩/২৭।

  • ফল: পাকিস্তান ৫ রানে জয়ী।

  • অবস্থা: পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।