
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সমীকরণে আজ এক কঠিন অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে ভারত। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আজ স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের জন্যই আজকের ম্যাচটি ‘ডু অর ডাই’ বা বাঁচা-মরার লড়াই; যারা জিতবে তারাই সেমিফাইনালের টিকিট পাবে, আর হারলেই নিতে হবে বিদায়। এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে ফেলেছে।
সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হার ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের দাপুটে জয়ে রান রেট কিছুটা সামলে নিলেও আজ জয়ের কোনো বিকল্প নেই সূর্যকুমার যাদবদের সামনে।
ভারতের জন্য স্বস্তির খবর হলো টপ অর্ডার ব্যাটারদের ছন্দে ফেরা। বিশেষ করে তরুণ ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে দুশ্চিন্তা কেটেছে। গ্রুপ পর্বের টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ওপেনার গত ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। এছাড়া ঈশান কিষান, সূর্যকুমার ও হার্দিক পাণ্ডিয়ারা ফর্মে থাকায় ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। তবে স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলরা কিছুটা ম্লান থাকায় বোলিংয়ের মূল ভরসা জসপ্রিত বুমরাহ ও আশদ্বীপ সিং।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও একই পরিস্থিতির শিকার। জিম্বাবুয়েকে হারালেও প্রোটিয়াদের কাছে হেরে যাওয়ায় তারাও এখন খাদের কিনারায়। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যারিবীয়দের বিধ্বংসী শক্তির কথা সবারই জানা। যদিও তাদের প্রধান সমস্যা ধারাবাহিকতা, তবে যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো তারকার অভাব নেই দলটিতে।
ম্যাচের গুরুত্ব তুলে ধরে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে জানান, ক্যারিবীয়দের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা টি-টোয়েন্টির সেরা দলগুলোর একটি। আমরা এই চ্যালেঞ্জ নিতে তৈরি এবং আজ আগুনের জবাব আগুন দিয়েই দিতে চাই।’
ইডেনের গ্যালারি আজ কানায় কানায় পূর্ণ থাকবে ঘরের দলকে সমর্থন দিতে। এখন দেখার বিষয়, চাপের মুখে মাথা ঠান্ডা রেখে শেষ চারে জায়গা করে নিতে পারে কোন দল।






































