বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার

মাদারীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে আগুন


madaripur-news

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলায় চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। হামলাকারীরা এসময় বাড়িতে লুটপাট চালানোর পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করতে অন্তত অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর এলাকার প্রবাসী সাইদুল সরদারের ছেলে ফরিদ সরদারের কাছে দীর্ঘদিন ধরে সাইফুল সরদার ও তাইজুল সরদার নামের দুই যুবক ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় গত ৩ ফেব্রুয়ারি ফাসিয়াতলা বাজারে ফরিদকে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনায় ৭ ফেব্রুয়ারি থানায় মামলা করলে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা।

মামলা তুলে না নেওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে দুর্বৃত্তরা প্রবাসীর বাড়িতে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুরো এলাকা প্রকম্পিত করে তারা একের পর এক বোমা ফাটাতে থাকে। এরপর বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখার মধ্যেই অভিযুক্তরা ঘর থেকে নগদ ২ লাখ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী ফরিদ সরদার আক্ষেপ করে বলেন, “চাঁদা না দেওয়ায় আমাকে কুপিয়েছে, আর মামলা করায় ঘর পুড়িয়ে দিল। আমরা এখন নিজ বাড়িতেও যেতে পারছি না, খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই স্বাধীন দেশে আমরা নিরাপত্তা কোথায় পাব?” প্রবাসীর স্ত্রী ফাহিমা বেগমও তাদের জানমালের নিরাপত্তার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।