বুধবার । মার্চ ১১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৮ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২


saudi-missile-attack

ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন। রোববারের (৮ মার্চ) এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছে, আল-খার্জ এলাকার একটি আবাসিক কমপাউন্ড লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিল যে, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসির সেই হামলার পরপরই আল-খার্জের একটি আবাসিক ভবনে প্রাণহানির এই খবর সামনে এলো। তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলার ক্ষয়ক্ষতি বা ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি।