
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। স্কুলশিশুসহ নিহত শিশুদের রক্তের প্রতিশোধ নিতে এমন পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় তিনি এ কথা বলেন। বার্তাটি একজন উপস্থাপক পাঠ করেন। সেখানে মোজতবা খামেনি বলেন, শহীদ শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অনুসরণ করা উচিত।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ নীতি রয়েছে। তবে এসব দেশকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, এসব ঘাঁটির ওপর হামলা অব্যাহত রাখবে ইরান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন তার বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন বলে জানা গেছে, যদিও তার আঘাতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
গত ৮ মার্চ সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দিলেন মোজতবা খামেনি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিলেন।
এদিকে ৮৮ জন শিয়া ধর্মীয় কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার পর বিপ্লবপন্থী সমর্থকেরা ইরানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন। ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে তারা নতুন নেতাকে স্বাগত জানান।
নতুন কমান্ডার ইন চিফের প্রতি শেষ রক্তবিন্দু পর্যন্ত অনুগত থাকার শপথও নিয়েছে ইরানের সব নিরাপত্তা বাহিনী।
সূত্র: বিবিসি









































