
ফাইল ছবি
চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৯০১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাব অনুযায়ী)। এর মধ্যে গত তিনদিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে ৩ হাজার ৪৬৪ কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি জানান, গত বছরের মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় ছিল ১৬২ কোটি ৫০ লাখ ডলার। তুলনামূলকভাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের বৃদ্ধির হার ৩৫.৭০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রবাসী আয় ২ হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে (১ জুলাই থেকে ১৪ মার্চ) ২ হাজার ১১ কোটি ৪০ লাখ ডলার ছিল। এ হিসেবে এই সময়ে প্রবাসী আয়ের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২২.৬০ শতাংশ।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ঈদকে সামনে রেখে প্রবাসীরা তাঁদের আত্মীয়-স্বজনদের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন, যার ফলে প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে। এছাড়া বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ ও ডলারের বিপরীতে ভালো দাম পাওয়া এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







































