
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তাঁর কার্যালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য বিকল্প হিসেবে দুই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত সংসদীয় কার্যাবলি ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সংসদীয় অধিবেশনে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে যাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম বা প্রশ্নোত্তর পর্ব বিঘ্নিত না হয়, সেজন্যই এই বিকল্প দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রধানমন্ত্রীসহ মোট ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর বিপরীতে এই বিকল্প মন্ত্রী নির্ধারণ করে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তাঁদের বিকল্প হিসেবে নির্ধারিত মন্ত্রী—উভয়েই সংসদে অনুপস্থিত থাকেন, তবে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সেই মন্ত্রণালয়ের সংসদীয় কার্যাবলি সম্পাদন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর অনুপস্থিতিতে এই দায়িত্ব বর্তাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ওপর।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সংসদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।









































