
ঢাকা-বগুড়া মহাসড়কে চলন্ত একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চলন্ত একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এক ভয়াবহ দুর্ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাইস মডেলের মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো- চ ১৯-৩০৪১) ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার দিকে যাচ্ছিল। পথে সোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন: মোছা ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।











































