বৃহস্পতিবার । মার্চ ১৯, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৯ মার্চ ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

ঈদ উপলক্ষে আফগানিস্তানে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তানের


Pak-Afgan-war

সংগৃহীত ছবি

আফগানিস্তানের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় শত শত মানুষের মৃত্যুর ঘটনার দুই দিন পর দেশটিতে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী পাঁচ দিনের জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে বুধবার (১৮ মার্চ) জানানো হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, বুধবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত আফগানিস্তানে সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। তবে তিনি সতর্ক করে বলেন, এই সময়ে আফগানিস্তান থেকে কোনো হামলা হলে পাকিস্তান দ্বিগুণ শক্তিতে জবাব দেবে।

এ ঘোষণার পরপরই তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেন। এর আগে সোমবার রাতে রাজধানী কাবুলে ‘ওমিদ’ মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় ৪০০ জনের বেশি নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান প্রশাসন। বুধবার নিহতদের স্মরণে সেখানে বড় আকারের গণজানাজা অনুষ্ঠিত হয়।

তবে পাকিস্তানের দাবি, তারা কোনো বেসামরিক স্থাপনা নয়, বরং ‘সন্ত্রাসীদের আশ্রয়স্থল ও সামরিক ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের মতে, ওই স্থাপনাটি ড্রোন সংরক্ষণ ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছিল। অন্যদিকে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি এই হামলাকে ‘কাপুরুষোচিত অপরাধ’ আখ্যা দিয়ে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহের সংঘাতে প্রায় ১ লাখ ১৫ হাজারের বেশি বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সীমান্ত বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এবং মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন মনে করিয়ে দিয়েছে, যুদ্ধের সময় বেসামরিক ও চিকিৎসা স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সূত্র: আল জাজিরা