
সংগৃহীত ছবি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রথম লেগে ১-১ ড্রয়ের পর দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল।
বুধবার রাতের ম্যাচের শুরুটা ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। ৬ষ্ঠ মিনিটে রাফিনহা গোল করে এগিয়ে দেন বার্সাকে। ১৭ মিনিটে মার্ক বের্নাল ব্যবধান দ্বিগুণ করলেও, দুইবারই সমতায় ফেরান নিউক্যাসলের অ্যান্থনি এলাঙ্গা।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তরুণ তারকা লামিন ইয়ামাল।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় কাতালানরা। ৫১ মিনিটে ফারমিন লোপেজ ব্যবধান ৪-২ করেন। এরপর ৫৬ ও ৬০ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি।
৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে নিউক্যাসলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাফিনহা।
পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখে দাপুটে ফুটবল খেলেছে বার্সেলোনা। ১৮টি শটের মধ্যে ১৩টিই ছিল লক্ষ্যে।
কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে অপেক্ষায় আছে অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা টটেনহ্যাম হটস্পার।









































