বৃহস্পতিবার । মার্চ ১৯, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৯ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শেয়ার

কাতার থেকে ইরানি কর্মকর্তাদের বহিষ্কার, সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি আরবের


Iran

ইরানের সামরিক ও নিরাপত্তা সংযুক্ত কর্মকর্তাসহ কয়েকজন কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর কাতার কঠোর প্রতিক্রিয়া জানিয়ে দেশটিতে কর্মরত কয়েকজন ইরানি কর্মকর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইরান গোটা অঞ্চলকে ‌‘গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে’। তারা জানায়, ইরানের সামরিক ও নিরাপত্তা সংযুক্ত কর্মকর্তাসহ কয়েকজন কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার অনুষ্ঠিত জরুরি বৈঠকেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকটি বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলার পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।

তিনি বলেন, আরব ও ইসলামি বিশ্বের নেতারা এই সংকট সমাধানে কূটনৈতিক সব পথ ব্যবহার করবেন। তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতেও তারা পিছপা হবেন না।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করে বলেন, ‘এই অঞ্চলের ধৈর্যের সীমা অসীম নয়,’ এবং ইরানকে দ্রুত আরব নেতাদের বার্তা গুরুত্বসহকারে বিবেচনা করার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করতে পারে।