বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৬ মার্চ ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
শেয়ার

বইপুস্তকে স্বাধীনতার সঠিক ইতিহাস প্রণয়ন করা হবে: দুলু


Dulu

জাতীয় সংসদের হুইপ ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস আগামী দিনে বইপুস্তকে প্রণয়ন করা হবে কারণ দেশের মানুষ এখন প্রকৃত ইতিহাস জানতে চায়। বুধবার দিবাগত রাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন যে, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই আলোকবর্তিকা মেখেই বাংলাদেশ যতদিন থাকবে স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দীর্ঘ সময় পর দেশের মানুষ স্বাধীনভাবে এই দিবসটি পালন করতে পারছে বলে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুষ্পস্তবক অর্পণকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান।

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্মআহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পৃথক এক অনুষ্ঠানে দুলু আরও পুনর্ব্যক্ত করেন যে, স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরাই হবে আগামী দিনের অন্যতম প্রধান লক্ষ্য।