
ছবি: সংগৃহীত
যশোর সদর উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে বাসে থাকা যাত্রীরা দ্রুত জানালা ও দরজা দিয়ে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যশোর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিনে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে বাসটি মাঝরাস্তায় বন্ধ হয়ে যায়।
বাসে আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে যাত্রীরা হুড়োহুড়ি করে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাসটি দাউ দাউ করে জ্বলছে এবং কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই দুর্ঘটনার কারণে যশোর-নড়াইল মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুড়ে যাওয়া বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, বাসটি ছাড়ার আগেই চালক ইঞ্জিনে ত্রুটির কথা মালিকপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু মালিকদের জোরাজুরিতেই তিনি ত্রুটিপূর্ণ বাসটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হতে বাধ্য হন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
ভয়াবহ এই অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য যাত্রীদের প্রাণ রক্ষা পেলেও যান্ত্রিক ত্রুটি নিয়ে বাস চালানোর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিটনেসবিহীন বা যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন মহাসড়কে চলাচলের বিষয়ে কড়াকড়ি আরোপের দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।









































