
নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ছবি: পিআইডি
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘে যোগদানের শুরু থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে অনুসরণ করে আসছে। বিশ্ব শান্তি, নিরাপত্তা ও সহযোগিতার প্রতি বাংলাদেশের অটল প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৬তম সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ঢাকায় পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘ কর্মকর্তাসহ কূটনৈতিক অঙ্গনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘ সদস্যপদ পাওয়ার পর থেকেই বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়মিত অবদান রেখে আসছে এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তাও অব্যাহত রয়েছে। নানা বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও জাতিসংঘ সনদের আলোকে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বাগত বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ২৬ মার্চ কেবল একটি স্বাধীন রাষ্ট্রের জন্মই নয়, এটি জনগণের অদম্য ইচ্ছাশক্তি, মর্যাদা ও স্বাধীনতার চিরন্তন বিজয়ের প্রতীক।
এর আগে মিশনের অডিটোরিয়ামে আলোচনাসভা, জাতীয় নেতাদের বাণী পাঠ এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।






































