মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩০ মার্চ ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
শেয়ার

শাহ আমানত বিমানবন্দরে এক মাসে ২১২ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল


shah-amanat

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত এক মাসে এই বিমানবন্দর থেকে মোট ২১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সর্বশেষ রোববার (২৯ মার্চ) একদিনেই গুরুত্বপূর্ণ ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, রোববার বাতিল হওয়া ৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজাহ থেকে আসা একটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবিগামী একটি ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজাহ রুটের আসা-যাওয়ার দুটি ফ্লাইট।

মূলত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও এয়ারফিল্ড ব্যবহারে জটিলতা তৈরি হওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, এক মাসের এই সংকটে মোট ২১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের স্থবিরতা এখনো কাটেনি।

বিপর্যস্ত এই পরিস্থিতির মধ্যেও রোববার মধ্যপ্রাচ্য থেকে আসা ৭টি এবং বহির্গামী ৭টি ফ্লাইট কোনোমতে সচল ছিল। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চট্টগ্রামে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্বাভাবিকতা ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। এই দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো প্রবাসী যাত্রী।