
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।ফাইল ছবি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারও কঠোর ভাষায় সতর্ক করলেন—মধ্যপ্রাচ্যে চলছে এমন এক সংঘাত, যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানান ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে’।
২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে ধারাবাহিক হামলা চালাচ্ছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ও ইসরায়েলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করছে। পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।
গুতেরেস বলেন, “আমরা এখন এমন এক বৃহৎ যুদ্ধের কিনারে দাঁড়িয়ে আছি, যা মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করে দিতে পারে এবং বিশ্বজুড়ে নাটকীয় প্রভাব ফেলতে পারে।”

তিনি উল্লেখ করেন, জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের জীবনযাত্রা ইতোমধ্যেই চাপে আছে। হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় বিশ্বব্যাপী দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মহাসচিব শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেন, বেসামরিক অবকাঠামো রক্ষা করতেই হবে। তার বার্তা ছিল একেবারে সরাসরি—
“যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিচ্ছি: এই যুদ্ধ এখনই থামাতে হবে। এটি মানবিক বিপর্যয় তৈরি করছে এবং বিশ্ব অর্থনীতিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।”
সূত্র: বিবিসি








































