
ছবি: সংগৃহীত
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে এক ভয়াবহ হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের সঙ্গে যুক্ত একটি বিদ্রোহী গোষ্ঠী এই নৃশংসতা চালিয়েছে বলে বৃহস্পতিবার (২ এপ্রিল) নিশ্চিত করেছেন আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস শিকুদি নগোঙ্গো।
নৃশংস এই হামলার ঘটনাটি ঘটেছে ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায়। বিদ্রোহীদের তাণ্ডবে কেবল প্রাণহানিই ঘটেনি, জ্বালিয়ে দেওয়া হয়েছে অন্তত ৪৪টি বসতবাড়ি। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী এই হামলার পেছনে ‘অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এডিএফ) নামক গোষ্ঠীকে দায়ী করেছে। উগান্ডার সাবেক বিদ্রোহীদের নিয়ে গঠিত এই গোষ্ঠীটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএলের প্রতি নিজেদের আনুগত্য ঘোষণা করেছে।
ভয়াবহ এই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে স্থানীয় নেতা ক্রিশ্চিয়ান আলিমাসি জানান, হামলাকারীরা অত্যন্ত নির্দয়ভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে। কাউকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে, আবার কেউ নিজের ঘরের ভেতরেই জীবন্ত পুড়ে মারা গেছেন। এছাড়া দুইজনকে অপহরণ করে নিয়ে গেছে বিদ্রোহীরা।
মাম্বাসার প্রশাসনিক কর্মকর্তা বাপতিস্তে মুনিয়াপান্ডি রয়টার্সকে জানিয়েছেন, উপদ্রুত এলাকায় এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ পাওয়ার আশঙ্কা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে কঙ্গোর সেনাবাহিনী দেশের পূর্বাঞ্চলে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে গিয়ে চরম হিমশিম খাচ্ছে। বিশেষ করে রুয়ান্ডা-সমর্থিত ‘এম২৩’ এবং ‘এডিএফ’-এর মতো শক্তিশালী গোষ্ঠীগুলোর একের পর এক হামলায় সাধারণ মানুষের নিরাপত্তা এখন চরম সংকটের মুখে।










































