
সব ধরনের কর-ছাড় পুরোপুরি তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল
আগামী ২০২৭-২৮ অর্থবছরের বাজেট থেকেই আয়কর, ভ্যাট ও কাস্টমস ডিউটিতে বিদ্যমান সব ধরনের কর-ছাড় পুরোপুরি তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলমান বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় সংস্থাটি এই কঠোর শর্তারোপ করেছে। শুধু তাই নয়, আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক কমানো এবং জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের বিষয়েও চাপ দিচ্ছে সংস্থাটি।
আইএমএফের এই শর্তগুলো পূরণ করলে চলতি অর্থবছরের মধ্যেই বকেয়া কিস্তিসহ প্রায় ১.৫৩ বিলিয়ন ডলার ঋণ ছাড়ের সম্ভাবনা রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী বর্তমানে কৃষি, খাদ্যপণ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং রেমিট্যান্সের মতো মৌলিক ও জরুরি খাতগুলোতে বড় ধরনের কর-ছাড় বহাল রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে এই ছাড়ের পরিমাণ ছিল প্রায় ২.৬৬ লাখ কোটি টাকা।

আইএমএফের পরামর্শ অনুযায়ী হঠাৎ করে এসব সুবিধা তুলে দিলে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মতে হঠাৎ সব সুবিধা না কমিয়ে ধাপে ধাপে সংস্কার করা উচিত।
অন্যদিকে বর্তমান সরকারও ঢালাও কর-ছাড়ের নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, এখন থেকে পারফরম্যান্সভিত্তিক কর-প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
তবে আইএমএফের এই আকস্মিক নীতি পরিবর্তনের চাপে পুঁজিবাজার ও তৈরি পোশাক খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।











































