
আজ ১৪ জুন, বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। নিরাপদ রক্ত ও রক্ত উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং যারা সম্পূর্ণ স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের জীবন বাঁচাচ্ছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতেই বিশ্বব্যাপী এই দিনটি উদযাপন করা হয়।
প্রতিবছরের মতো এবারও নিরাপদ রক্ত সরবরাহ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে এবং রক্তদাতাদের এই মানবিক অবদানকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং বিভিন্ন সামাজিক সংগঠন নানা উদ্যোগ হাতে নিয়েছে।
ইতিহাস ও তাৎপর্য
১৪ জুন তারিখটি বেছে নেওয়ার পেছনে রয়েছে এক ঐতিহাসিক কারণ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার ‘এ, বি, ও’ (ABO) ব্লাড গ্রুপ সিস্টেম। এই মানব রক্তবিন্যাসের আবিষ্কারক নোবেলজয়ী অস্ট্রিয়ান বিজ্ঞানী ডা. কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন আজ (১৪ জুন, ১৮৬৮)। তার এই যুগান্তকারী আবিষ্কারের ফলেই চিকিৎসাবিজ্ঞানে নিরাপদ রক্ত সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশন সম্ভব হয়েছিল। চিকিৎসা শাস্ত্রে তার এই অসামান্য অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এবং রক্তদাতাদের সম্মান জানাতে তার জন্মদিনটিকে ‘বিশ্ব রক্তদাতা দিবস’ হিসেবে বেছে নেওয়া হয়।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিকভাবে রক্তদান দিবস পালন শুরু হলেও এর মূল রূপরেখা তৈরি হয় ২০০০ সালে। সে বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল থিম ছিল ‘নিরাপদ রক্ত’। সেই থিমের ওপর ভিত্তি করে এবং আন্তর্জাতিক রক্তদাতা সংগঠনগুলোর অভিজ্ঞতার আলোকে ২০০৪ সালের ১৪ জুন প্রথমবারের মতো ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উদযাপিত হয়। এর পরের বছর, অর্থাৎ ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ৫৮তম অধিবেশনে ১৯২টি সদস্য রাষ্ট্রের উপস্থিতিতে এই দিবসটিকে আনুষ্ঠানিকভাবে বার্ষিক বৈশ্বিক প্রচারণার স্বীকৃতি দেওয়া হয়।
এ বছরের প্রতিপাদ্য: মানবতার এক ফোঁটা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৬ সালের রক্তদাতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “মানবতার এক ফোঁটা। রক্ত দিন। জীবন বাঁচান।” এই বিশেষ বার্তাটি মানুষের ভেতরের মানবিকতা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতাকে জাগ্রত করে। প্রতিটি রক্তদান কেবল একটি যান্ত্রিক চিকিৎসা প্রক্রিয়া নয়, বরং এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসার এক অনন্য প্রকাশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রক্তের একটি ফোঁটা অসংখ্য মানুষের জীবনের সঙ্গে এক অদৃশ্য মেলবন্ধন তৈরি করে, যা সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তোলে।
কেন রক্তদান এত গুরুত্বপূর্ণ
একটি শক্তিশালী ও কার্যকর স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি হলো নিরাপদ রক্তের সহজলভ্যতা। সড়ক দুর্ঘটনা, জরুরি অস্ত্রোপচার, প্রসবকালীন জটিলতা, ক্যানসারের থেরাপি কিংবা থ্যালাসেমিয়ার মতো দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসায় প্রতিদিন অসংখ্য ব্যাগ রক্তের প্রয়োজন হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে জানিয়েছে, নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানই একটি দেশের স্বাস্থ্য অবকাঠামোকে টেকসই ও মজবুত করে তুলতে পারে। কারণ বিজ্ঞানের এত অগ্রগতির পরও রক্তের কোনো কৃত্রিম বিকল্প এখনও তৈরি করা সম্ভব হয়নি।
বিশ্বব্যাপী রক্ত সংকটের নির্মম বাস্তবতা
আধুনিক প্রযুক্তি এবং নিরাপদ রক্ত পরীক্ষার সুব্যবস্থা থাকা সত্ত্বেও, বর্তমান বিশ্বেও পর্যাপ্ত রক্তের সরবরাহ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে নিরাপদ রক্তের তীব্র ঘাটতি লক্ষ্য করা যায়। এই সংকট দূর করতে এবং যেকোনো জরুরি মুহূর্তে রক্তের জোগান সচল রাখতে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, এই দিবসের মাধ্যমে প্রধান ৪টি লক্ষ্যকে সামনে রাখা হয়েছে—
১. সমাজে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানের প্রবণতা বৃদ্ধি করা।
২. রক্ত ও প্লাজমা দানের মাধ্যমে জীবন বাঁচানোর গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা তৈরি করা।
৩. নিঃস্বার্থ রক্তদাতাদের অবদানকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে সম্মান জানানো।
৪. নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি দেশের সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের বিনিয়োগ ও নীতিগত উদ্যোগ বাড়ানো।
রক্তের প্রয়োজনে যেন কাউকে জীবন হারাতে না হয় এবং যখনই প্রয়োজন, তখনই যেন সবাই সহজে নিরাপদ রক্ত পেতে পারে—এটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল লক্ষ্য। আর এই মহৎ লক্ষ্য পূরণের একমাত্র উপায় হলো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও মানবিক রক্তদান। ‘একটি রক্তদান, একটি জীবন’—আজকের এই বিশেষ দিনে এটাই হোক সবার মূল অনুপ্রেরণা।
ভিজুয়াল স্টোরি













































