বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১৪ জানুয়ারি ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
শেয়ার

ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন জেফার-রাফসান, আজ আনুষ্ঠানিকতা


rafsan

সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটল। সব জল্পনা-কল্পনার ইতি টেনে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা জুটি।

গত শনিবার (১০ জানুয়ারি) জেফারের রাজধানীর নিজ বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়তা ও ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের মূল অনুষ্ঠানের আগে দুই পরিবার মিলে ছোট পরিসরে গায়ে হলুদের আয়োজনও করেছিল।

দীর্ঘদিন ধরেই জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন অঙ্গনে নানা আলোচনা চলছিল। বিশেষ করে গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে তাদের একসঙ্গে ভ্রমণের কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে কৌতূহল আরও বেড়ে যায়। তবে সে সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দুজনই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিতেন।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতেন না জেফার; সরাসরি কিছু না বলে সবসময় নীরবতা বজায় রাখতেন তিনি। অন্যদিকে, রাফসান সাবাব ২০২৩ সালের শেষ দিকে তার তৎকালীন স্ত্রী চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন, যা তাদের সম্পর্কের আলোচনাকে আরও জোরালো করেছিল।

পারিবারিকভাবে বিয়ের ছোটখাটো আনুষ্ঠানিকতা শেষ হলেও আজ বুধবার বড় আয়োজনে উদযাপন হতে যাচ্ছে এই জুটির বিবাহোত্তর সংবর্ধনা। রাজধানীর আমিনবাজারের একটি মনোরম রিসোর্টে বিয়ের এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে বিনোদন জগতের ঘনিষ্ঠ সহকর্মী ও আমন্ত্রিত অতিথিদের কাছে বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। ঘরোয়া পরিবেশের সেই বন্ধুত্ব যে পরিণয়ে গড়াবে, তা আজ দুই তারকার উপস্থিতিতে পূর্ণতা পেতে যাচ্ছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই নতুন দম্পতিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত করছেন।