
বিএফডিসি ফটকের সামনে ‘জাস্টিস ফর ইকরা’ মানববন্ধনে উত্তাল ছিল চলচ্চিত্র পাড়া
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুতে শোকের আবহ ছাপিয়ে এখন উঠেছে বিচারের দাবি। গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস থেকে উদ্ধার হওয়া ইকরার ঝুলন্ত মরদেহ ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। ইকরার পরিবার ও বন্ধুদের অভিযোগ, আলভীর পরকীয়া সম্পর্কের জেরে মানসিক যন্ত্রণা সইতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ বুধবার দুপুর ১২টায় বিএফডিসি ফটকের সামনে ‘জাস্টিস ফর ইকরা’ প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত মানববন্ধনে উত্তাল ছিল চলচ্চিত্র পাড়া। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত দুই অভিনয়শিল্পীকে বর্জনের ডাক দেন এবং ‘ইকরা হত্যার বিচার চাই’ স্লোগানে ন্যায়বিচার দাবি করেন।
এদিকে, আলভীর একটি আবেগঘন ফেসবুক পোস্ট পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইকরাকে ‘ইকলি’ সম্বোধন করে দেওয়া পোস্টে আলভী নিজের অসহায়ত্ব প্রকাশ করলেও সাধারণ মানুষের কাছে তা ‘দায় এড়ানোর চেষ্টা’ হিসেবেই প্রতীয়মান হয়েছে।
পোস্টের নিচে সমালোচনার ঝড় উঠলে আলভী কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হন। তবে বিতর্ক থামেনি; স্ক্রিনশট আকারে সেই পোস্ট ছড়িয়ে পড়ছে সর্বত্র। একপক্ষ একে শোক প্রকাশের অধিকার বললেও বড় একটি অংশ মনে করছে, আবেগের আড়ালে প্রকৃত সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।







































