রবিবার । মার্চ ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৫ মার্চ ২০২৬, ৭:১০ অপরাহ্ন
শেয়ার

সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের


Jamat

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘স্বঘোষিত রাজসাক্ষী’ উল্লেখ করে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে তাহের দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আরেক সাবেক উপদেষ্টা ড. খলিলুর রহমান ‘লন্ডন ষড়যন্ত্রের’ প্রধান হোতা। তার ভাষ্য অনুযায়ী, ওই ষড়যন্ত্রে ভূমিকা রাখার পুরস্কার হিসেবেই তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। একই সঙ্গে তাকে অপসারণ এবং নির্বাচনে কথিত ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত অন্যদেরও জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

তাহের বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাহ্যিকভাবে গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যার পর বিভিন্ন জায়গা থেকে কেন্দ্র দখল, জাল ভোট এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আসতে থাকে। অনেক কেন্দ্রে শুরুতেই তাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। প্রিসাইডিং অফিসার ও কিছু এজেন্টের যোগসাজশে ব্যালট কেটে দেওয়ার মতো অনিয়মের খবর পাওয়া গেছে বলে উল্লেখ করেন তাহের।

তিনি আরও জানান, এসব অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ৫৩টি আসনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে জামায়াত এবং বিষয়গুলো নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।

তাহের বলেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক সাংবাদিকের কাছে এমন মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন— যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও মূলধারার প্রধান শক্তি হিসেবে আসতে পারেনি। এ বক্তব্যকে কেন্দ্র করে তাকে ‘রাজসাক্ষী’ হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই নেতা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সদস্য জাহিদুর রহমান।