
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা পর্দার প্রেমকে বাস্তব জীবনের সম্পর্কে রূপ দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
বিয়ের পরপরই তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে বর-কনের পরা গয়না নিয়েই বেশি আলোচনা হচ্ছে। ছবিতে দেখা যায়, দুজনের শরীরজুড়ে ছিল বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হায়দরাবাদের একটি খ্যাতনামা জুয়েলারি প্রতিষ্ঠান এই বিয়ের গহনাগুলো তৈরি করেছে। বিয়ের সাজে রাশমিকা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী অলঙ্কার। তার গলায় ছিল বিশেষ ‘কাসু মালা’, যা গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত। গহনাটিতে দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও সূক্ষ্ম কারুকাজ করা ছিল।
এছাড়া মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা, হাতে বাহারি চুড়ি ও হাতপদ্মসহ কনের গায়ে প্রায় তিন কেজি ওজনের স্বর্ণালঙ্কার ছিল বলে জানা গেছে। অন্যদিকে সিল্কের ধুতি ও লাল উত্তরীয়র সঙ্গে বর বিজয় দেবরাকোন্ডাও পরেছিলেন আধা কেজির বেশি ওজনের স্বর্ণের গয়না। তার কবজিতে থাকা ‘বাহুবলী’ সিনেমার আদলে তৈরি ব্রেসলেটটি বিশেষভাবে সবার নজর কেড়েছে।

বর্তমানে স্বর্ণের উচ্চমূল্যের বাজারে এই তারকা দম্পতির জাঁকজমকপূর্ণ বিয়ের সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।





































