
অভিবাসীর মরদেহ উদ্ধার
লিবিয়ার পশ্চিম উপকূলে বাংলাদেশিসহ অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সমুদ্রপথে ইউরোপে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে জুওয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ১৭টি মরদেহের মধ্যে ১৪ জনকে স্থানীয়ভাবে যথাযথ নিয়মে দাফন করা হয়েছে। অন্যদিকে, শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহ ত্রিপোলিতে অবস্থানরত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

লিবিয়ার ইমার্জেন্সি মেডিসিন সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে উদ্ধারকর্মীদের মরদেহগুলো সাদা প্লাস্টিক ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলতে দেখা গেছে।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষ যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে বাঁচতে লিবিয়া হয়ে বিপজ্জনক মরুভূমি এবং উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।
রয়টার্সের তথ্যমতে, এই বিপজ্জনক পথে প্রতি বছরই শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন।











































