রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ এপ্রিল ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

তেলের দাম বৃদ্ধিকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বললেন জামায়াত আমির


Jamat-Amir

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও বাংলাদেশে তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্তে সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ সিদ্ধান্তকে দুঃখজনক উল্লেখ করে সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন।

শনিবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।

ডা. শফিকুর রহমান বলেন, যখন জনজীবনে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা, তখন দর সমন্বয়ের অজুহাতে তেলের মূল্য বৃদ্ধি মানুষের সংকটকে আরও গভীর করবে।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমার সময়ে দেশের বাজারে মূল্যবৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক নয়। এর প্রভাবে পরিবহন ভাড়া বাড়বে, পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও নতুন করে বাড়তে পারে, যা সাধারণ মানুষের কষ্ট বহুগুণে বাড়িয়ে দেবে।