বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার

১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা


Mexico vs south africa

১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৬ বছর আগের সেই জাদুকরী মুহূর্তটি আজও ফুটবলপ্রেমীদের কানে বাজে, যখন পিটার ড্রুরির কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল—“গোল ফর অল আফ্রিকা!” ২০১০ সালের ১১ জুনের সেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। সময়ের চাকা ঘুরে আজ আবারও এক ১১ জুন, শুরু হচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। আর ফুটবল বিধাতার কী অদ্ভুত লিখন—উদ্বোধনী ম্যাচেই আবারও মুখোমুখি হচ্ছে সেই চিরচেনা দুই প্রতিপক্ষ!

তবে এবার দৃশ্যপট বদলে গেছে; স্বাগতিকের ভূমিকায় উত্তর আমেরিকার মেক্সিকো আর অতিথি হয়ে মাঠে নামবে আফ্রিকান পরাশক্তি দক্ষিণ আফ্রিকা।

ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে রেকর্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের গৌরব অর্জন করতে যাচ্ছে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম। এই সেই পুণ্যভূমি, যেখানে ১৯৭০ সালে কালো মানিক পেলে এবং ১৯৮৬ সালে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা উঁচিয়ে ধরেছিলেন সোনালী ট্রফি।

বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যখন এই মাঠের গৌরবোজ্জ্বল ইতিহাস পুনরুজ্জীবিত করা হবে, তখন মাঠের লড়াইয়ে নিজেদের অপরাজেয় রেকর্ড ধরে রাখার মিশনে নামবে মেক্সিকানরা। ঘরের মাঠ আজতেকায় বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত (৫ জয় ও ২ ড্র) মেক্সিকো। এমনকি বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে গত সাত আসরে হারেনি তারা।

কাগজে-কলমে কিংবা ফিফা র‍্যাংকিংয়ে ৬০ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৪ নম্বর অবস্থানে থাকা মেক্সিকো অনেকখানি এগিয়ে। দুই দলের আগের চারবারের দেখায় মেক্সিকোর জয় দুটি, দক্ষিণ আফ্রিকার একটি আর ২০১০ সালের সেই উদ্বোধনী ম্যাচটি হয়েছিল ড্র। কাকতালীয় বিষয় হলো, ১৬ বছর আগে মেক্সিকোর ডাগআউটে থাকা প্রধান কোচ হাভিয়ের আগিরে এবারও দলটির প্রধান কান্ডারি। আর সেবার শাবালালার গোলের জবাব দিয়ে মেক্সিকোকে সমতায় ফেরানো রাফায়েল মার্কেজ এবার কোচের সহকারী হিসেবে ডাগআউটে থাকছেন।

২০২৬ সালে পর্তুগাল ও বেলজিয়ামের মতো পরাশক্তিদের রুখে দেওয়াসহ ৮ ম্যাচে অপরাজিত থাকা আগিরের দল আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।

অন্যদিকে, টানা তিন আসরে কোয়ালিফাই করতে না পারা দক্ষিণ আফ্রিকার জন্য এবারের বিশ্বকাপে ফেরাটাই বড় এক অর্জন। কোচ উগো ব্রোসের লক্ষ্য থাকবে রক্ষণাত্মক ৪-২-৩-১ ফরমেশনে মেক্সিকান আক্রমণ রুখে দিয়ে অন্তত ১টি পয়েন্ট ছিনিয়ে নেওয়া, যেখানে আক্রমণভাগের মূল ভরসা ইংলিশ ক্লাব বার্নলির স্ট্রাইকার লাইল ফস্টার।

বিপরীতে, ঘরের মাঠে ৪-৩-৩ ছকে অল-আউট ফুটবলের ইঙ্গিত দিয়ে রেখেছেন আগিরে, যার স্ট্রাইকিং জোনে থাকবেন ফুলহাম তারকা রাউল হিমেনেজ। সুপার কম্পিউটারের বাজি থেকে শুরু করে ইতিহাস—সবকিছুই যখন মেক্সিকোর পক্ষে, তখন আজতেকা স্টেডিয়াম এখন মেক্সিকান ঢেউয়ে ভেসে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে।

মেক্সিকোর সম্ভাব্য একাদশ: রানহেল, গালার্দো, আলভারেজ, মন্তেস, রেয়েস, গুতিয়েরেস, লিরা, ফিদালগো, কিনিয়োনেস, হিমেনেজ, আলভারাদো।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: উইলিয়ামস, মুদায়ু, ওকোন, এমবোকাজি, মোদিবা, মোকোয়েনা, অ্যাডামস, অ্যাপোলিস, জোয়ানে, মোরেমি, ফস্টার।

ভিজুয়াল স্টোরি