
ইবোলার প্রাদুর্ভাবের কারণে তিন সপ্তাহ ইউরোপে কোয়ারেন্টাইনে থাকার পর অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) ফুটবল দল।
বৃহস্পতিবার প্যারিস থেকে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে পৌঁছায় দলটি। ইবোলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাদের বেলজিয়ামে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। অন্যথায় বিশ্বকাপে অংশ নিতে দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়ার আশঙ্কা ছিল।
ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়েন দেশাব্রে আশা প্রকাশ করেছেন, তার দল বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে ইবোলার প্রাদুর্ভাবে বিপর্যস্ত দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারবে।
তিনি বলেন, ‘অনেক দিন পর আমাদের দেশের মানুষ বিশ্বকাপে নিজেদের দলকে দেখতে যাচ্ছে। বিশ্বকাপে জায়গা করে নেওয়াই ছিল বড় অর্জন। এখন টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেখানোই লক্ষ্য।”
১৯৭৪ সালে জায়ার নামে অংশ নেওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে ডিআর কঙ্গো। গত মাসে দেশে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় তারা নিজ দেশে পরিকল্পিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করে বেলজিয়ামে অনুশীলন চালিয়ে যায়।
এ ছাড়া স্পেনে চিলির বিপক্ষে নির্ধারিত একটি প্রীতি ম্যাচও বাতিল হয়, কারণ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
দেশাব্রে বলেন, ‘আমরা পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। কঠিন সময়েও প্রস্তুতি চালিয়ে গেছি এবং দুটি কঠিন প্রীতি ম্যাচ খেলেছি। এখন আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ।’
বিশ্বকাপ চলাকালে দলটির ঘাঁটি হবে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। ১৭ জুন গ্রুপ ‘কে’-তে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২৩ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে খেলবে ডিআর কঙ্গো।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস











































