
ফাইল ছবি
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ ঝড়ের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি।
পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রংপুর, পাবনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।














































