বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৪ জানুয়ারি ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

ফরিদপুরে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১


faridpur-news

ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে। অভিযানে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের যৌথ দায়িত্বে অভিযানটি সম্পন্ন করা হয়। অভিযানে বাদল সরকার (৫২) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রিকে আটক করা হয়, যার বিরুদ্ধে আগেও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ রয়েছে।

অভিযানকালে তার বসতবাড়ি তল্লাশি করে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুটি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার, হ্যাকসহ অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যে জানা যায়, বাদল সরকার নিয়মিতভাবে অবৈধ অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার অপরাধীদের কাছে সরবরাহ করতেন। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও জানানো হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম সহ তাকে আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনা সূত্র আরও জানিয়েছে, আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হচ্ছে। তারা সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।