বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ২৪ জানুয়ারি ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
শেয়ার

প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন


nisho-mehjabin

ফাইল ছবি

একসঙ্গে বহু নাটক, বিজ্ঞাপন ও ওয়েব কনটেন্টে অভিনয় করে ছোট পর্দায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তবে এতদিন আলাদাভাবে বড় পর্দায় অভিষেক হলেও সিনেমায় কখনোই একসঙ্গে দেখা যায়নি এই জনপ্রিয় জুটিকে।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাঁরা অভিনয় করবেন একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমায়, যার নাম ‘পুলসিরাত’। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা ভিকি জাহেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির পূর্ণ কাস্ট, গল্পের ধরন ও শুটিং শিডিউলসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আফরান নিশো। সম্প্রতি তিনি রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন। অন্যদিকে মেহজাবীন চৌধুরী কাজ করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

ছোট পর্দার জনপ্রিয় এই জুটিকে প্রথমবারের মতো বড় পর্দায় দেখার খবরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে। সিনেমা সংশ্লিষ্টদের ধারণা, ‘পুলসিরাত’ দর্শকের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।