
ছবি: সংগৃহীত
গ্রিসে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত অর্থ দীর্ঘদিন ধরে আটকা রয়েছে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এনবিএল মানি ট্রান্সফার এসএ’-এর মাধ্যমে প্রেরিত রেমিট্যান্স এখনো তাদের পরিবারের অ্যাকাউন্টে পৌঁছায়নি। খবর পাওয়া গেছে, অন্তত ৩ শতাধিক প্রবাসীর রেমিট্যান্স দেড় মাস ধরে আটকা রয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে একজন মোহাম্মদ ইসলাম জানান, তার অসুস্থ স্ত্রী ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসার জন্য তিনি ২ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লক্ষ টাকা) রেমিট্যান্স পাঠিয়েছিলেন, কিন্তু এখনও তা পরিবারের কাছে পৌঁছায়নি। তিনি বলেন, “বারবার প্রতিষ্ঠান গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি।”
প্রবাসীরা জানাচ্ছেন, এজেন্সিতে গত কয়েকদিন ধরে তালা ঝুলে থাকায় তাদের হতাশা আরও বেড়েছে। তাদের অভিযোগ, মাসের শেষে উপার্জিত অর্থ পরিবারের জন্য পাঠানো হলেও দেড় মাস ধরে আটকা থাকার কারণে দেশে থাকা স্বজনদের জীবনযাত্রা ও চিকিৎসা ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ইনচার্জ এস এম রনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি হোয়াটসঅ্যাপে জানান, “গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই।”
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বিষয়টি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন। তিনি জানিয়েছেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দ্রুত সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে।
প্রবাসীরা আশা করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে বিদেশে কঠোর পরিশ্রমে অর্জিত তাদের অর্থ নিরাপদে দেশে পৌঁছাতে পারে এবং পরিবারগুলোর দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবে চলতে পারে।











































