দুই বাংলার সিনেমা নিয়েই অত্যন্ত আশাবাদী জয়া
পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ওসিডি’। এই সিনেমার প্রচার উপলক্ষে ভারতীয় গণমাধ্যম ‘দ্য ওয়াল’-এর সঙ্গে এক বিশেষ ভিডিও সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।
সাক্ষাৎকারে জয়া জানান, দুই বাংলার সিনেমা নিয়েই তিনি অত্যন্ত আশাবাদী। বিশেষ করে পশ্চিমবঙ্গে ‘ওসিডি’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’র মতো ভিন্ন মাত্রার কাজগুলো করতে পারা একজন শিল্পী হিসেবে তিনি ভাগ্যের ব্যাপার বলে মনে করেন।
সাফল্যের ধারায় জয়া গত বছরে বাংলাদেশে মুক্তি পাওয়া তাঁর অভিনীত সিনেমাগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি জানান, দেশের নানা পরিস্থিতির মধ্যেও তাঁর ‘উৎসব’ ও ‘তান্ডব’ ছবি দুটি ব্লকবাস্টার সুপারহিট হয়েছে। সামনের দিনেও ‘রইদ’-এর মতো আরও কিছু দারুণ সিনেমা দর্শকদের উপহার দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে দুই বাংলার সিনেমা একে অপরের দেশে নিয়মিত মুক্তি না পাওয়া নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও অদূর ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস করেন জয়া।

ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি
সাক্ষাৎকারের এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে কথা বলেন জয়া। তিনি জানান, সোশ্যাল মিডিয়া তাঁর কাছে ব্যক্তিগত নয় বরং একজন অভিনয়শিল্পী হিসেবে ভাবমূর্তি তুলে ধরার একটি আনুষ্ঠানিক জায়গা।
তবে সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল ‘র্যাপিড ফায়ার’ রাউন্ড। সেখানে বয়স বেড়ে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জয়া আবেগাপ্লুত হয়ে বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রমশ দেখতে তাঁর বাবার মতো হয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি আরও অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে উঠছেন এবং জীবনকে নতুনভাবে উপভোগ করতে নিজেকে কোনো কিছুতেই ‘না’ বলছেন না।










































