
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।
চিকিৎসকদের পরামর্শে গত ১৯ ফেব্রুয়ারি তার সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বলেও উল্লেখ করেন তিনি।
কামরুজ্জামান সাগর জানান, আল্লাহর রহমতে বাবু এখন অনেকটাই ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। প্রিয় এই শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে বড় পর্দা এবং ছোট পর্দা—উভয় মাধ্যমেই অভিনয় ও গান দিয়ে ফজলুর রহমান বাবু জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। তার এই অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনসহ ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।









































