রবিবার । মার্চ ৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৮ মার্চ ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
শেয়ার

ইরানে সরকার পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে চীনের সতর্কবার্তা


China FM

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েল সামরিক অভিযানের প্রেক্ষাপটে ইরানে সরকার পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এ ধরনের উদ্যোগের কোনো জনসমর্থন নেই।

রোববার (৮ মার্চ) বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বার্ষিক বৈঠকের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানে তথাকথিত “কালার রেভল্যুশন” ঘটানোর পরিকল্পনা বা সরকার পরিবর্তনের চেষ্টা জনগণের সমর্থন পাবে না। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

ওয়াং ই আরও বলেন, ইরানসহ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করা উচিত। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে তিনি অবিলম্বে সামরিক অভিযান বন্ধেরও আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই যুদ্ধ হওয়া উচিত ছিল না, এবং এই যুদ্ধ কারও জন্যই কল্যাণকর নয়। শক্তি প্রয়োগ কোনো সমাধান দেয় না, বরং সশস্ত্র সংঘাত ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট সৃষ্টি করে।’

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জনগণই এ অঞ্চলের প্রকৃত অধিকারী এবং অঞ্চলটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাদেরই থাকা উচিত। বাইরের শক্তিগুলোকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে এসে সংলাপের মাধ্যমে মতপার্থক্য সমাধানের আহ্বান জানান এবং যৌথ নিরাপত্তা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং বৈশ্বিক শান্তি বজায় রাখতে চীন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

এদিকে যুক্তরাষ্ট্রের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো ভেঙে ফেলা কঠিন হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের ওই প্রতিবেদনের বরাত দিয়ে শনিবার এ তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক, যেখানে তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে দিয়ে পছন্দের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে।