সোমবার । মার্চ ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৯ মার্চ ২০২৬, ৯:২১ অপরাহ্ন
শেয়ার

অনুমতি ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবে বিদেশি বিনিয়োগকারীরা


Bangladesh Bank

ফাইল ছবি

বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার হস্তান্তর ও বিক্রির অর্থ দেশে ফেরত নেওয়ার নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বিদেশে পাঠানো যাবে।

সোমবার (৯ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যেই এই নিয়ম শিথিল করা হয়েছে।

এর আগে বিদেশি বিনিয়োগকারীরা অনুমতি ছাড়াই সর্বোচ্চ ১০ কোটি টাকা দেশে ফেরত নিতে পারতেন। নতুন নির্দেশনায় সেই সীমা বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছে। এই সুবিধা শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়—এমন সরকারি ও বেসরকারি কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত আন্তর্জাতিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে স্বাধীন মূল্য নির্ধারকের মাধ্যমে শেয়ারের ন্যায্যমূল্য নির্ধারণ করা হলে ব্যাংকগুলো নিজস্ব প্রক্রিয়ায় অর্থ প্রত্যাবাসনের অনুমোদন দিতে পারবে। তবে এক কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে স্বাধীন মূল্যায়ন প্রতিবেদনও বাধ্যতামূলক থাকবে না।

সুশাসন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ছোট লেনদেনে ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা এবং সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত লেনদেনে প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠন করতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো অসংগতি না থাকলে ব্যাংকগুলো পাঁচ কর্মদিবসের মধ্যে অর্থ প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করবে এবং সম্পন্ন হওয়া লেনদেনের তথ্য ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।