বৃহস্পতিবার । মার্চ ১৯, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৯ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শেয়ার

কাতারে এলএনজি উৎপাদন কেন্দ্রে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


qatar

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে কাতারের রাস লাফান শিল্প শহরের বেশ কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে চালানো এই আকস্মিক হামলায় স্থাপনাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতারএনার্জি।

কাতারএনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরপরই স্থাপনাগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কারিগরি অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইরান সরাসরি এই গুরুত্বপূর্ণ শিল্প শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘটনাকে ইরানের ‘সুস্পষ্ট সীমা লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে কাতার। হামলার পরপরই কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে অঞ্চলজুড়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে।

ইরানের নিজস্ব ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রের সাথে সংযুক্ত এই ‘নর্থ ডোম’ এলাকায় হামলার ফলে বিশ্ববাজারে এলএনজি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।