
গাজীপুর ও টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে ৪ জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি একে টোয়েন্টি টু রাইফেল। ঠিক একই ধরনের অস্ত্র গুলশান হামলায় জঙ্গিরা ব্যবহার করেছিল বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি বলেছেন, গাজীপুরের হরিনাল উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি বাড়িতে কয়েকজন জঙ্গি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। আমাদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা আমাদের ওপর হামলা চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে ঘরের ভেতরেই দুই জঙ্গি নিহত হয়। প্রাথমিকভাবে ধারণা করছি নিহতরা হলেন- রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম।
মুফতি মাহমুদ খান আরো বলেন, অভিযানের পর ওই বাড়ি থেকে একটি একে টুয়েন্টি টু রাইফেল ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। ঠিক একই ধরনের একে টুয়েন্টি টু রাইফেল আমরা গুলশান হামলায় জঙ্গিদের ব্যবহার করতে দেখেছিলাম।
র্যাব-১-এর উপ-অধিনায়ক কাজী মো. সোয়াইব জানান, গাজীপুরের হারিনাল পশ্চিমপাড়া লেবুবাগান এলাকার আতাউর রহমানের বাড়িতে পুলিশের সহায়তায় শনিবার ভোরে এ অভিযান শুরু করা হয়।
এদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলেল কাগমারা গ্রামে আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে র্যাব-১২। সেখানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানান র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
র্যাব কর্মকর্তা ফারুকী বলেন, কাগমারা গ্রামের আজাহার মুন্সির বাড়িতে জঙ্গিরা আস্তানা গেড়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তারা র্যাবের দিকে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি করে। পরে ওই বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়।





































