ভারতের বিশাখাপত্তম বন্দরে সমুদ্রগামী জাহাজের বন্ধ কনটেইনারে ১২ দিন আটকে থাকার পর এক বাংলাদেশীকে উদ্ধার করা হয়েছে। এতো দিন কোনো খাবার ও পানি ছাড়াই কনটেইনারের মধ্যে ছিলেন। এবং অলৌকিকভাবে এখনো বেঁচে আছেন। যদি তার শারীরিক অবস্থা খুবই গুরুতর।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
১২ দিন আগে বাংলাদেশে থেকে একটি কনটেইনারবাহী জাহাজ বন্দরের বিশাখা কনটেইনার প্রাইভেট লিমিটেড পরিচালিত কনটেইনার টার্মিনালে নোঙর করে। বুধবার (১৯ অক্টোবর) বন্দর কর্তৃপক্ষ নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে একটি কনটেইনার খুললে ভেতরে মুমূর্ষু অবস্থায় এক মধ্যবয়সী পুরুষকে উদ্ধার করা হয়। তিনি বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
কনটেইনারটি জেনেভাভিত্তিক মেডিটেরিয়ান শিপিং কোম্পানির স্থানীয় এজেন্ট স্যামসারা শিপিং কোম্পানির নামে নিবন্ধিত ছিল।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ভেঙ্কট রাও বলেন, ‘ঘটনাটিকে আপাতত মানবপাচার নয় বরং দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। মালামাল খালাসের সময় তিনি এ কনটেইনারে আটকা পড়ে থাকতে পারেন। কেননা, সমুদ্রগামী জাহাজের কনটেইনারে মানবপাচারের ক্ষেত্রে কাউকে খাবার ও পানি ছাড়া পাঠানো হয় না।’
তিনি আরো বলেন, এ খালি কনটেইনারটি ১২ দিন আগে বাংলাদেশ থেকে বিশাখাপত্তম বন্দরে এসেছে। এতগুলো দিন কোনো ধরনের খাবার ও পানি ছাড়া তার বেঁচে থাকাটা একটি অলৌকিক বিষয়। আপাতত তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।











































