
গাইবান্ধার সুন্দরগঞ্জে সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহাবাজ এলাকায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। এই এমপি নিজ এলাকার এক শিশুকে গুলি করে দেশজুড়ে আলোচিত হয়েছিলেন।
আহত এমপিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে দুপুরে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদকে (ডন) লক্ষ্য করে গুলি ছুড়েছে মুখে কাপড় বাঁধা দুর্বৃত্তরা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী শিপ্রা কুণ্ডুর (৫০) গায়ে লাগে। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুর ১২টার দিকে খুলনা নগরের ইসলামপুর রোডের দোলখোলার মোড় এলাকায় অবস্থিত শীতলাবাড়ি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। মাহমুদ সেখানে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। আর শিপ্রা কুণ্ডু পূজা-অর্চনার জন্য মন্দিরে যাচ্ছিলেন।



































