
সংগৃহীত ছবি
রাজধানীর সদরঘাট এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে মো. সোহেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. ফয়সাল আহমেদ।
পুলিশ জানায়, সদরঘাটের ১৪ নম্বর পন্টুনে ঢাকা–ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া-৫’ লঞ্চটি যাত্রী তুলছিল। এ সময় ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি এসে ধাক্কা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের সময় ‘এমভি জাকির সম্রাট-৩’-এর পেছনের অংশের আঘাতে ‘আসা যাওয়া-৫’-এর দুই যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে একজন নদীতে পড়ে যান এবং অন্যজন লঞ্চের বাইরের অংশে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশের সহকারী কমিশনার ফজলুল হক জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সোহেলের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার শ্বশুর মিরাজ ফকির এখনো নিখোঁজ রয়েছেন এবং শাশুড়ি রুবা ফকির আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে বিকেলে নদীতে ডুবুরি নামানো হলেও কাউকে পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হবে।











































