
ঢাকার ১৮টি পেট্রল পাম্পসহ আরও ৬টি জেলায় ‘ফুয়েল পাস’
দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) পরিধি বাড়িয়েছে সরকার। শুরুতে রাজধানীর হাতেগোনা কয়েকটি ফিলিং স্টেশনে এটি চালু থাকলেও আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে ঢাকার ১৮টি পেট্রল পাম্পসহ আরও ৬টি জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রমের বিস্তার ঘটানো হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে যে এখন থেকে ঢাকা জেলা ছাড়াও ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এই ‘Fuel Pass BD’ সিস্টেমের আওতায় আসবে।

পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশের প্রতিটি জেলায় উন্মুক্ত করা হবে। এর ফলে জ্বালানি বিতরণে তদারকি বাড়ানো এবং সিস্টেম লস কমানো সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট বিভাগ।
এই সেবা পেতে গ্রাহককে গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপটি ডাউনলোড করে ফোন নম্বর ভেরিফাই করতে হবে। এরপর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে পাসওয়ার্ড সেট করলেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।
মূলত জ্বালানি তেল সংগ্রহের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।











































