মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ধর্ম ২৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


sirajul-khalilur

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা নগরীতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। আজ সোমবার (২৭ এপ্রিল) মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

মক্কা হজ অফিস জানায়, নতুন করে মারা যাওয়া দুইজনের মধ্যে মো. সিরাজুল হক পাগলা (পাসপোর্ট নং: এ-২০৫৭৭৮৭৫) ময়মনসিংহ জেলার বাসিন্দা। অন্যজন মো. খলিলুর রহমান (পাসপোর্ট নং: এ-১৬০৭১১৫৩) দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মারা যাওয়া চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন।

এদিকে চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন।

মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

পরিবহন তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্সে ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।

হজযাত্রীদের চিকিৎসা সেবায় স্থাপিত কেন্দ্র থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে।